যশোর সীমান্ত দিয়ে দেশে অনুপ্রবেশের তথ্য দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তথ্যদাতার পরিচয় ও ফোন নম্বর গোপন রাখার আশ্বাসও দিয়েছে বাহিনীটি।
রোববার বিকেলে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুরে ৪৯ বিজিবি সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
তিনি বলেন, সীমান্ত দিয়ে ফ্যাসিবাদী গোষ্ঠীর সদস্যদের দেশে প্রবেশের কোনো তথ্য থাকলে বিজিবিকে জানাতে হবে। তথ্য দিয়ে সহায়তাকারী ব্যক্তিকে সম্মানী বা পুরস্কার দেওয়া হবে। তাঁর ব্যক্তিগত তথ্য গোপন রাখা হবে।
সীমান্তে নিরাপত্তা জোরদারে বেনাপোলসহ বিভিন্ন এলাকায় ২৫ থেকে ৩০টি নতুন তল্লাশিচৌকি স্থাপন করা হয়েছে। পাশাপাশি টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। রাতে সার্চলাইট, থার্মাল ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হচ্ছে।
প্রয়োজনে সড়কে একাধিক স্তরে ব্যারিকেড বসানোর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে বলেও জানান ব্যাটালিয়ন অধিনায়ক।
