বিডিআর হত্যাকাণ্ডের ৩৪ জন সাক্ষীকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও তাঁর সহযোগীরা অপহরণের পর হত্যা করেছেন বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
রোববার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন। এ-সংক্রান্ত একটি বেসরকারি টেলিভিশনের ভিডিও প্রতিবেদন রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে জমা দিয়েছে।
চিফ প্রসিকিউটর জানান, ভিডিও প্রতিবেদনে সাক্ষাৎকার দেওয়া একজন সামরিক কর্মকর্তা বলেছেন, জিয়াউল আহসান ও তাঁর সহযোগীরা ৩৪ জন বিডিআর সদস্যকে বিভিন্নভাবে অপহরণ করে হত্যা করেছেন। নিহত ব্যক্তিরা ওই ঘটনায় সাক্ষী ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তিনি আরও বলেন, ওই সামরিক কর্মকর্তা বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জানতে চেয়েছিলেন। জবাবে তাঁকে বলা হয়েছিল, কিছু করার নেই। কারণ, জিয়াউল আহসানের সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি যোগাযোগ ছিল।
উল্লেখ্য, শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
