সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী পাকিস্তান অধিনায়ক ইউসুফ বাট। প্রতিপক্ষ দলে হামজা চৌধুরীর মতো তারকা থাকলেও তাঁকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা বা দুশ্চিন্তা নেই পাকিস্তানের। ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলীয় শক্তিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন অধিনায়ক।
আগামীকাল শনিবার রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। শুক্রবার সকালে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় দলের প্রস্তুতি, হামজা চৌধুরী ও বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন পাকিস্তানের অধিনায়ক ও গোলরক্ষক ইউসুফ বাট।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ৪-০ গোলের জয়ে একটি করে গোল ও অ্যাসিস্ট করেছিলেন হামজা। জাতীয় স্টেডিয়ামে এখন পর্যন্ত পাঁচ গোল করেছেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার। তবে তাঁকে নিয়ে বাড়তি সতর্কতার প্রয়োজন দেখছেন না ইউসুফ বাট।
পাকিস্তান অধিনায়ক বলেন, ‘হামজা চৌধুরীকে নিয়ে অনেক আলোচনা হয়। তবে আমাদের দলে আবদুল্লাহ ইকবাল, ঈসা সুমান, আদিল নবী ও আবদুল আরশাদের মতো দুর্দান্ত খেলোয়াড় রয়েছে। সবকিছু দল নিয়ে, কোনো ব্যক্তিগত খেলোয়াড়কে নিয়ে নয়। আমরা সম্মিলিতভাবে মাঠে নিজেদের সেরাটা দেব।’
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ সব সময়ই রোমাঞ্চকর হয় বলে মনে করেন ইউসুফ বাট। ২০১৮ সালের সাফ চ্যাম্পিয়নশিপে ঢাকায় বাংলাদেশ ১-০ গোলে পাকিস্তানকে হারিয়েছিল। সেই ম্যাচের প্রসঙ্গ টেনে পাকিস্তান অধিনায়ক জয়টিকে ভাগ্যের সহায়তা হিসেবে দেখেছেন।
তাঁর দাবি, ওই ম্যাচে আত্মঘাতী গোলের কারণে বাংলাদেশ ভাগ্যের জোরে জিতেছিল। তবে ওই ম্যাচে ৮৫তম মিনিটে বিশ্বনাথের লং থ্রো থেকে হেডে গোল করেছিলেন তপু বর্মণ।
এবারের ম্যাচের পরিবেশ নিয়েও স্বস্তিতে পাকিস্তান অধিনায়ক। বিশেষ করে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) থাকায় বাড়তি সুবিধা দেখছেন তিনি।
ইউসুফ বাট বলেন, ‘বাংলাদেশি দর্শকদের পক্ষ থেকে বেশ ভালো একটা চাপ থাকে। তবে আমি ব্যক্তিগতভাবে খুশি যে এবার সাহায্য করার জন্য ভিএআর থাকছে। ঘরের মাঠের সমর্থকদের চাপের মুখে এটি আমাদের জন্য বড় সাহায্য হবে।’
গ্রুপ পর্বে ভারতকে ৩-২ গোলে হারালেও মালদ্বীপের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে পাকিস্তান। এবার বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার লক্ষ্য তাদের।
একই দিন বিকেলে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে ভুটান। বাংলাদেশের গ্রুপ থেকে শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে পাওয়া এক পয়েন্ট নিয়ে শেষ চারে উঠেছে দলটি।
