চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ির একটি কক্ষ থেকে এক ব্যক্তি ও তাঁর সাত মাস বয়সী যমজ দুই মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যক্তির স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে হেফাজতে নেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার পুইছড়ি ইউনিয়নের মধ্যম পুইছড়ি এলাকার মওলার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মো. জাহেদ হোসেন (৫৫) চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদিউল আলমের ছেলে। তাঁর দুই মেয়ের নাম জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত।
পুলিশ জানায়, পারিবারিক একটি অনুষ্ঠান নিয়ে সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে স্ত্রী আফিয়া বেগম পরিবারের সদস্যদের সঙ্গে অনুষ্ঠানে গেলে বাড়িতে ছিলেন জাহেদ ও দুই শিশু।
বিকেলে ফিরে ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পান স্বজনেরা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
বাঁশখালী থানার ওসি রবিউল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ বা হতাশার জেরে জাহেদ দুই মেয়েকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
