ঢাকা, বাংলাদেশ   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

৫০ লাখ টাকা চাঁদা দাবি, শ্যামলীতে রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি

৫০ লাখ টাকা চাঁদা দাবি, শ্যামলীতে রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি

রাজধানীর শ্যামলীতে একটি রেস্টুরেন্ট ও ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এর আগে ভবনমালিকের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে হৃদরোগ হাসপাতালের বিপরীত পাশে অনুরাগ রেস্টুরেন্ট ও ফার্মেসিতে এ ঘটনা ঘটে। এতে ফার্মেসির কাচ ভেঙে গেলেও কেউ হতাহত হননি।

ভবনটির মালিক সাবেক কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন। তাঁর দাবি, গত ৬ নভেম্বর মুঠোফোনে চাঁদা দাবি করে হুমকি দেওয়া হয়। এরপর ভবনের সামনে দুই দফা ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

পুলিশ জানায়, হামলাকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে। চাঁদাবাজি নাকি অন্য কোনো বিরোধে হামলা, তা তদন্ত করে দেখা হচ্ছে।