২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে সামনে রেখে গোপালগঞ্জের পাঁচ উপজেলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় কাশিয়ানীর ফুকরা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল গাড়ির সামনে স্লোগান দেন মিছিলকারীরা। বিভিন্ন স্থানে একযোগে কর্মসূচি পালনের পর জেলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
শুক্রবার সন্ধ্যার পর গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় এসব কর্মসূচি পালিত হয়। মিছিলকারীরা লকডাউনের পক্ষে স্লোগান দেন।
স্থানীয় সূত্র জানায়, কাশিয়ানীর ফুকরা এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কে মশাল মিছিল বের হয়। এ সময় সড়ক দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টহল গাড়ি যাচ্ছিল। গাড়ির উপস্থিতিতেই মিছিলকারীদের স্লোগান দিতে দেখা যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়।
কোটালীপাড়ায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়। লেক পার্ক ও হাসপাতাল সড়ক ঘুরে এটি আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান আজরা বলেন, লকডাউন ঘিরে সারা দেশে নেতাকর্মীরা সংগঠিত হচ্ছেন। কোটালীপাড়ায় শনিবারও মশাল মিছিল হবে। জেলা আওয়ামী লীগ আট দফা দাবি জানিয়েছে; সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।
টুঙ্গিপাড়ার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায়ও মিছিল হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
