মুক্তিযুদ্ধ, ৭ নভেম্বর, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান—সবই বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার রাজধানীতে এক স্মরণসভায় তিনি বলেন, কোনো দল বা ব্যক্তিকে বাদ দিয়ে কিংবা ইতিহাসের কোনো অধ্যায় উপেক্ষা করে পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করা যায় না। গণতন্ত্র সুসংহত করতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো কার্যকর করারও আহ্বান জানান তিনি।
শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ‘৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য’ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাদ দেওয়ার চেষ্টা হয়েছে। তাঁর স্বাধীনতার ঘোষণা মানুষকে মুক্তিযুদ্ধে অংশ নিতে উদ্বুদ্ধ করেছিল। ৭ নভেম্বর ও ১৯৯০ সালের আন্দোলনও ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেন তিনি।
রিজভীর ভাষ্য, নব্বইয়ের গণতান্ত্রিক চেতনা ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানকে প্রভাবিত করেছে। এরশাদবিরোধী আন্দোলনে সক্রিয় থাকার স্মৃতি তুলে ধরে তিনি জানান, ৪৮ ঘণ্টার হরতালে তাঁর শরীরে গুলি লেগেছিল।
সভায় সভাপতিত্ব করেন ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান। তিনি বলেন, ডা. মিলনের আত্মদান স্বৈরাচারবিরোধী আন্দোলনের বাঁকবদলকারী ঘটনা। সভায় সাবেক ও বর্তমান ছাত্রনেতারাও উপস্থিত ছিলেন।
