মালয়েশিয়ায় বসবাসরত ধর্মপ্রচারক জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) তহবিল ও সম্পত্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে ক্ষমতা দিয়েছে ভারত। ইউএপিএর আওতায় জারি করা নতুন নির্দেশনায় নিষিদ্ধ সংগঠনটির আর্থিক লেনদেন বন্ধ এবং সন্দেহভাজন স্থাপনার ব্যবহার নিয়ন্ত্রণের সুযোগ রাখা হয়েছে। এর আগে আইআরএফের নিষেধাজ্ঞা আরও পাঁচ বছর বাড়িয়েছিল দেশটির কেন্দ্রীয় সরকার।
বৃহস্পতিবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএর ৭ ও ৮ ধারা প্রয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে। আইনটির ৪২ ধারার অধীনে নির্দেশনাটি জারি হয়।
৭ ধারা অনুযায়ী, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত তহবিল, আর্থিক সম্পদ ও সিকিউরিটিজের ব্যবহার এবং লেনদেন বন্ধ করা যাবে। এসব সম্পদের লেনদেন তদন্তও করতে পারবে কর্তৃপক্ষ। ৮ ধারা অনুসারে, সংগঠনের বেআইনি কাজে ব্যবহারের সন্দেহে বাড়ি, ভবন ও অন্যান্য স্থাপনা চিহ্নিত করে ব্যবহার নিয়ন্ত্রণ করা যাবে। সেখানে থাকা অস্থাবর সম্পত্তির ওপরও বিধিনিষেধ আরোপ করা সম্ভব।
১৩ নভেম্বর আইআরএফকে আরও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে ভারত। ২০১৬ সালে প্রথম নিষেধাজ্ঞা জারি হয়। তখন থেকেই মালয়েশিয়ায় থাকা নায়েককে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক উদ্যোগ চালাচ্ছে নয়াদিল্লি। ২০১৭ সালে তাঁর পাসপোর্ট বাতিল করা হয়; ২০১৮ সালে মালয়েশিয়ার কাছে প্রত্যর্পণের অনুরোধ জানায় ভারত।
