ঢাকা, বাংলাদেশ   শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল ঘিরে ২০ জন আটক

চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল ঘিরে ২০ জন আটক

চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেস এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল শুরুর পরপরই অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের মধ্যে মিছিলের ফেসবুক লাইভ সম্প্রচারকারীরাও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার দুপুর ২টার দিকে জুমার নামাজ শেষে ছাত্রলীগের নেতাকর্মীরা কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় জড়ো হন। তাঁরা মিছিল শুরু করলে পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলে। পরে ঘটনাস্থল ও আশপাশে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান প্রামাণিক বলেন, পুলিশের আগাম অবস্থানের কারণে মিছিলকারীরা মিছিল করতে পারেননি। ঘটনাস্থল ও আশপাশ থেকে ২০ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।