বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে কোনো শক্তি হস্তক্ষেপ করতে চাইলে জনগণ তার জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার গাজীপুরে এক প্রতিবাদ সমাবেশে তিনি ভারতের মন্ত্রীদের বাংলাদেশ নিয়ে বক্তব্যে সংযত থাকার আহ্বান জানান। একই সঙ্গে দেশের শ্রমিকদের ন্যায্য অধিকার, চিকিৎসা ও আবাসন নিশ্চিত করার দাবি তোলেন তিনি।
এনসিপির আয়োজনে সমাবেশে পাটওয়ারী বলেন, ভারতের কয়েকজন বিধায়ক ও মন্ত্রী বাংলাদেশে আধিপত্য প্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য দিয়েছেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে দেশের মানুষ তা প্রতিহত করবে বলে তিনি মন্তব্য করেন।
আওয়ামী লীগ ও শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে গাজীপুরের মানুষ তাদের বিদায়ের বার্তা দিয়েছিল। গাজীপুরে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের জায়গা নেই বলেও দাবি করেন তিনি।
শ্রমজীবী মানুষের অবস্থা তুলে ধরে পাটওয়ারী বলেন, শুধু বেতন বাড়ানো যথেষ্ট নয়; কারখানায় শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিক পরিবারের জন্য বিনা মূল্যে চিকিৎসা এবং স্বল্প খরচে মানসম্মত আবাসনের ব্যবস্থাও চান তিনি।
সমাবেশ শেষে নেতাকর্মীরা ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান দেন।
