শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান বলে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী আওয়ামী লীগ নেতা সৈয়দ মোজাম্মেল আলী। এ বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে তাঁকে ঘিরে আলোচনা শুরু হয়েছে।
রয়টার্সকে মোজাম্মেল জানান, নয়াদিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বাংলাদেশ সরকারের কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ চাওয়ার অনুরোধ জানিয়েছেন শেখ হাসিনা।
তবে মোজাম্মেল আলী আওয়ামী লীগের আনুষ্ঠানিক মুখপাত্র কি না, তা নিয়ে দলের নেতাদের মধ্যে ভিন্নমত রয়েছে। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত জানিয়েছেন, তিনি শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন। অন্যদিকে দলটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, মোজাম্মেল দলের মুখপাত্র নন।
৭৭ বছর বয়সী মোজাম্মেল আলী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি। তিনি লন্ডনভিত্তিক গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা স্টাডি সার্কেল লন্ডনের চেয়ারম্যান।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর মৃত্যুদণ্ডের রায় হওয়ায় দেশে ফেরার বিষয়টি আইনি ও রাজনৈতিক জটিলতার মুখে রয়েছে।
