ঢাকা, বাংলাদেশ   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে কঠোর বার্তা জামায়াত আমিরের

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে কঠোর বার্তা জামায়াত আমিরের

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে রাজনৈতিক সংকট নিরসনে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) সকালে অস্ট্রেলিয়া সফর শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের যে উদ্যোগ নিয়েছেন, তা ইতিবাচক। তবে সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

দেশের চলমান অস্থিরতার জন্য জুলাই সনদ বাস্তবায়নে বিলম্বকে দায়ী করেন শফিকুর রহমান। তার দাবি, গণভোটের রায় উপেক্ষা এবং সংবিধান সংশোধন পরিষদ গঠন নিয়ে গড়িমসির কারণে গণঅভ্যুত্থানের পক্ষগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে।