জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সংলাপের উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে জামায়াতে ইসলামী। তবে এককভাবে নয়, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় ঐক্যের সব শরিককে সঙ্গে নিয়ে আলোচনায় বসতে চায় সংসদের প্রধান বিরোধী দলটি।
জামায়াতের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে সংলাপের বিষয়ে যোগাযোগ করা হয়েছে। দলটি নিজেদের অবস্থান জানালেও বৈঠকের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, দলের আমির দেশে ফেরার পর সংলাপের বিষয়ে আলোচনা হতে পারে।
এর আগে ১৮ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের একান্ত বৈঠকে আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক ঐক্য গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী সর্বদলীয় গণমিছিলের প্রস্তাব দিলেও শফিকুর রহমান রাজনৈতিক সংলাপের পরামর্শ দেন।
সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে এনসপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির নেতারা মতবিনিময় করেন। তবে পরবর্তী সংলাপেও এনসিপিকে অন্তর্ভুক্ত রাখার পক্ষে অবস্থান নিয়েছে ১১ দলীয় ঐক্য।
এদিকে সংলাপের আলোচনা চলাকালেই অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করে বুধবার দেশে ফিরছেন জামায়াতের আমির শফিকুর রহমান। বাতিল করেছেন পূর্বনির্ধারিত মালয়েশিয়া সফর।
তবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, আমিরের আগাম দেশে ফেরার সঙ্গে সংলাপের কোনো সম্পর্ক নেই। সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়ার পর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
