পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন মিজান খাঁ, রিফাত, মহিদুল, রিশাদ ও রবিউল। তারা ঈশ্বরদীর বিভিন্ন এলাকার বাসিন্দা। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা রাজশাহীতে পাঠান।
আহতদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিল চলাকালে মুখোশধারী কয়েকজন অতর্কিত হামলা চালিয়ে গুলি ছোড়েন। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন।
ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। হামলার ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ২ নভেম্বর একই ইউনিয়নে পদ্মা নদীর অবৈধ বালু ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হন। ওই ঘটনার পর নতুন করে গুলির ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। তবে দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
