বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হওয়াকে জীবনের অন্যতম বড় ভুল হিসেবে উল্লেখ করে সংগঠনটির সব কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক রিংকু আক্তার। একই সঙ্গে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলে যোগ না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে এ ঘোষণা দেন রিংকু। প্রায় নয় মিনিটের ওই লাইভে তিনি নিজের অবস্থান তুলে ধরেন।
রিংকু বলেন, মানুষের পাশে থাকার উদ্দেশ্যেই তিনি সংগঠনে যুক্ত হয়েছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে নিজের মানসিক শান্তির কথা বিবেচনা করে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি স্পষ্ট করেন, তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নন এবং কখনো দলটিতে যোগ দিতে চাননি।
ব্যক্তিগত ও পারিবারিক জীবনের কথা উল্লেখ করে রিংকু জানান, তিনি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে চান।
আগামী রোববার আনুষ্ঠানিকভাবে লিখিত পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। তবে সংগঠন ছাড়ার পেছনে নির্দিষ্ট কোনো ঘটনা বা অভিযোগ রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি রিংকু।
