ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগবিরোধী মিছিল নিয়ে বাকৃবিতে উত্তেজনা, ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৯

ছাত্রলীগবিরোধী মিছিল নিয়ে বাকৃবিতে উত্তেজনা, ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৯

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগবিরোধী মিছিলকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজুসহ অন্তত নয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলের প্রস্তুতিকালে ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে মিছিল শেষে হলে ফেরার পর হাতাহাতি ও সংঘর্ষে জড়ান তারা।

মেজবাউল হক মিজু অভিযোগ করেন, ছাত্রদলের কয়েকজন নেতার অনুসারীরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা করেছেন। এতে তিনিও আহত হন।

তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা তায়েফ মাহমুদ দাবি করেন, ব্যক্তিগত বিরোধ থেকে সংঘর্ষের সূত্রপাত। হামলায় তাদের পক্ষের নেতাকর্মীরাও আহত হয়েছেন।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবও নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন।

হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, উভয় পক্ষ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে। সিসিটিভি ফুটেজ যাচাইয়ের আগে ঘটনার বিষয়ে নিশ্চিত মন্তব্য করা সম্ভব নয়।