বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৈঠক শেষে ব্রিফিংয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। এসব পরিস্থিতি মোকাবিলায় ১১ দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
তাঁর দাবি, গণভোটের রায় কার্যকর না করা এবং জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলোর মধ্যে বিভেদ বর্তমান পরিস্থিতির পেছনে ভূমিকা রেখেছে।
নেতারা সরকারের কাছে জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানান। পাশাপাশি সহিংসতায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তাঁদের মতে, জনগণের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই রাজনৈতিক দলগুলোর প্রধান দায়িত্ব।
