ডিসেম্বরকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা মোকাবিলায় কঠোর অবস্থান নিচ্ছে সরকার। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর পাশাপাশি রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলায় মাঠে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছে বিএনপি ও তাদের মিত্র দলগুলো।
সরকার এসব ঘটনাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে। নাশকতায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার, টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে প্রশাসন।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। সংসদ অধিবেশন শেষে নেতাকর্মীদের নিয়ে মাঠে সক্রিয় থাকার প্রস্তুতি নিচ্ছেন তারা।
ইতিমধ্যে যুবদল ও ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল করেছে। মিত্র ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটও কর্মসূচি ঘোষণা করেছে।
অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পরিস্থিতি অনুযায়ী আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আইজিপি।
