ঢাকা, বাংলাদেশ   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান যুদ্ধের প্রভাব, ২০২৮ সালের নির্বাচন নিয়ে দ্বিধায় জেডি ভ্যান্স

ইরান যুদ্ধের প্রভাব, ২০২৮ সালের নির্বাচন নিয়ে দ্বিধায় জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন কি না, তা নিয়ে নতুন করে ভাবছেন। ইরান যুদ্ধ, রিপাবলিকানদের নির্বাচনী বিপর্যয় এবং দলীয় সমর্থকদের মধ্যে বিভক্তি তার সিদ্ধান্তকে প্রভাবিত করছে বলে জানিয়েছেন ঘনিষ্ঠজনেরা।

শুক্রবার (১৩ নভেম্বর) ভ্যান্সের প্রায় এক ডজন মিত্র ও উপদেষ্টার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদন অনুযায়ী, রিপাবলিকান প্রাইমারি ভোটারদের প্রাথমিক জরিপে ভ্যান্স এগিয়ে থাকলেও দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি এখন আর নিশ্চিত নয়। তবে তিনি এখনো নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি বা সময়সীমা নির্ধারণ করেননি।

ভ্যান্সের মিত্ররা ইরান যুদ্ধকে তার সম্ভাব্য প্রার্থিতার বড় বাধা হিসেবে দেখছেন। তাদের মতে, যুদ্ধ চলতে থাকলে ২০২৮ সালে রিপাবলিকান প্রার্থীদের নির্বাচনী চ্যালেঞ্জ বাড়তে পারে।

গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের সাতটি সিনেট আসন দখল করে। পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভ্যান্স যুদ্ধকে দলের হারের কারণ হিসেবে উল্লেখ করেন এবং ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানান।

এদিকে ভ্যান্সের ওই বক্তব্য নিয়ে ব্যক্তিগতভাবে অসন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার ইরানবিষয়ক আলোচনা থেকে ভ্যান্সকে সরিয়ে অন্য দায়িত্বে মনোযোগ দিতে বলেন ট্রাম্প।

২০২৮ সালের রিপাবলিকান মনোনয়ন দৌড়ে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস, টেক্সাসের সিনেটর টেড ক্রুজ ও জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্পের নামও আলোচনায় রয়েছে।