ঢাকা, বাংলাদেশ   শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলা, গ্রেপ্তার ছয়

লন্ডনে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলা, গ্রেপ্তার ছয়

পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সংঘর্ষের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। ১৬ নভেম্বরের ওই ঘটনায় আহত হন তিনজন। গ্রেপ্তার ব্যক্তিদের নাম ও রাজনৈতিক পরিচয় জানায়নি পুলিশ; তদন্ত চলাকালে তাঁদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ ব্যবস্থাপক ন্যান্সি বাউহার্স্ট প্রথম আলোকে ই-মেইলে এ তথ্য জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, ২৪ থেকে ২৬ নভেম্বরের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বয়স ২৩ থেকে ৪৯ বছরের মধ্যে।

১৬ নভেম্বর চ্যাডওয়েল হিথ এলাকার মে ফেয়ার ভেন্যুতে সংবর্ধনা অনুষ্ঠান শেষে এনসিপি ও আওয়ামী লীগের (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। অভিযোগ, আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা গাছের ডাল দিয়ে এনসিপির নেতা-কর্মীদের মারধর করেন।

পুলিশ জানায়, রাত ৯টা ৫৯ মিনিটে হাই রোডে প্রায় ৫০ জনের বিশৃঙ্খলার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। সংঘর্ষে তিনজন আহত হন; তাঁদের আঘাত গুরুতর ছিল না।

সহিংস বিশৃঙ্খলায় জড়িত সন্দেহে ১৯৮৬ সালের জনশৃঙ্খলা আইনে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের তথ্য পুলিশ জানায়নি। এনসিপি বলেছে, তাদের কোনো নেতা-কর্মী গ্রেপ্তার হননি।