বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই। কয়েকজনের অপকর্মের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না।
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, চাঁদাবাজির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং কাউকে ছাড় দেওয়া যাবে না। তিনি এ ধরনের ব্যক্তিদের বিএনপির জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন।
অনুষ্ঠানে নিজের সততা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, জনগণ জোর দিয়ে বলতে পারেন যে তাদের মন্ত্রী অর্থের বিনিময়ে প্রভাবিত হন না। অতীতেও অর্থের বিনিময়ে তাকে প্রভাবিত করা যায়নি বলে দাবি করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক রাখতেও তিনি আগ্রহী নন।
