কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকার গ্যাসকূপে টানা ৩১ দিন জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে বিশেষ পদ্ধতিতে গ্যাসের প্রবাহ অন্যদিকে সরিয়ে আগুন নেভানো হয়।
বাপেক্স কর্মকর্তারা জানান, কূপে ৩০ ইঞ্চি কেসিং ও বিশেষ ডাইভার্ট লাইন স্থাপন করে গ্যাসের চাপ কমানো হয়েছে। তবে কূপটি এখনো পুরোপুরি নিরাপদ নয়। স্থায়ীভাবে গ্যাসের প্রবাহ বন্ধ করতে আরও কারিগরি কাজ বাকি রয়েছে।
পরবর্তী ধাপে কূপের ভেতরে ড্রিল পাইপ প্রবেশ করিয়ে প্রায় এক হাজার ফুট পর্যন্ত খনন এবং বিশেষ ড্রিলিং মাড ব্যবহারের মাধ্যমে ভূগর্ভস্থ গ্যাসের চাপ নিয়ন্ত্রণ করা হবে।
এদিকে, আগুন নিয়ন্ত্রণের পর গ্যাসের দুটি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষায় গ্যাসের উপাদান ও গুণগত মান যাচাই করা হবে।
বাপেক্স জানিয়েছে, কূপটি নিরাপদ হলে জিওলজিক্যাল ও সিসমিক জরিপ চালানো হবে। এর মাধ্যমে গ্যাসের মজুত ও বাণিজ্যিক উত্তোলনের সম্ভাবনা যাচাই করা হবে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর গভীর নলকূপ স্থাপনের সময় গ্যাস বের হয়ে আগুন ধরে যায়।
