হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি দেশের মসজিদে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় সেবাকর্মী সুবিধা পাবেন বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখানে মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে বিমানের ভাড়া কমানোর সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে মসজিদের ধর্মীয় সেবাকর্মীদের জন্য ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং আলেম-ওলামাদের কল্যাণে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকার আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
