সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন করে জটিল হয়েছে বাংলাদেশ-ভারত সম্পর্ক। আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন ভারতে অবস্থানরত হাসিনা। তবে বাংলাদেশ সরকার জানিয়েছে, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে ঢাকা। ভারত জানিয়েছে, বিষয়টি প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতেই অবস্থান করছেন হাসিনা। তার দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, এতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে নতুন করে সক্রিয়তা তৈরি হতে পারে।
এদিকে হাসিনাকে আশ্রয় দেওয়া এবং প্রত্যর্পণ নিয়ে দুই দেশের মধ্যে আস্থার সংকট বাড়ছে। বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা ও পানিবণ্টনসহ বিভিন্ন বিষয়েও অগ্রগতি সীমিত।
বিশ্লেষকদের ধারণা, হাসিনার প্রত্যাবর্তন ও আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে ভারতের সিদ্ধান্ত দুই দেশের কূটনৈতিক সম্পর্কের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে ১৬ ডিসেম্বর তিনি সত্যিই ফিরবেন কি না, তা এখনো অনিশ্চিত।
