ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

চালের দামে চাপ, মুরগি-ডিম ও সবজিতে মিলছে স্বস্তি

চালের দামে চাপ, মুরগি-ডিম ও সবজিতে মিলছে স্বস্তি

রাজধানীর বাজারে নাজিরশাইল ও মিনিকেট চালের দাম বাড়তি থাকায় চাপে পড়েছেন ক্রেতারা। তবে মুরগি, ডিম ও শীতকালীন সবজির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। অন্যদিকে মাছ ও কয়েক ধরনের গ্রীষ্মকালীন সবজির দাম এখনো চড়া।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল ও আগারগাঁও তালতলা বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

বিক্রেতাদের তথ্য অনুযায়ী, গত কয়েক সপ্তাহে নাজিরশাইল চালের দাম কেজিতে ৩ থেকে ৪ টাকা এবং মিনিকেটের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে। বর্তমানে ব্র্যান্ডভেদে মিনিকেট চাল ৬৫ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, গত ১৫ দিনে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমে ১৭০-১৮০ টাকায় নেমেছে। ডিমের ডজন ১৩০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় অধিকাংশ পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। তবে ঢ্যাঁড়স, বরবটি ও করলার মতো গ্রীষ্মকালীন সবজি বেশি দামে বিক্রি হচ্ছে।

এদিকে, রুই ও কাতলাসহ কয়েক ধরনের মাছের দাম বেড়েছে।