ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ ও ১৬ ডিসেম্বর মাদ্রাসায় যেসব কর্মসূচি পালনের নির্দেশ

১৪ ও ১৬ ডিসেম্বর মাদ্রাসায় যেসব কর্মসূচি পালনের নির্দেশ

আসন্ন শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশের সব মাদ্রাসাকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বোর্ডের পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠানপ্রধান, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পাঁচটি কর্মসূচি পালন করতে হবে। এগুলো হলো সূর্যোদয়ের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় জেলা ও উপজেলা পর্যায়ের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লেতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা।

এ ছাড়া তিন দিনব্যাপী বিজয়মেলা, মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশ নিতে উৎসাহিত করতে বলা হয়েছে। পাশাপাশি ফুটবল, টি-টোয়েন্টি ক্রিকেট ও কাবাডিসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের নির্দেশনা রয়েছে।

১৬ ডিসেম্বর শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজন করতে হবে।

অন্যদিকে, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রতিষ্ঠানের সুবিধাজনক সময়ে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।