তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের চারটি গ্রেডে নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করেছে মজুরি বোর্ড। নতুন কাঠামোয় সর্বনিম্ন গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের মজুরি ২১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ মজুরি কার্যকর হবে।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত চতুর্থ সভায় দীর্ঘ আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে সভা শুরু হয় বেলা সোয়া ৩টায়। শেষ হয় দিবাগত রাত দেড়টার দিকে।
নতুন কাঠামোয় সিনিয়র অপারেটরদের প্রথম গ্রেডে মজুরি ৬ হাজার ৪৬৫ টাকা বেড়ে ২১ হাজার ৫০০ টাকা হয়েছে। দ্বিতীয় গ্রেডে অপারেটরদের মজুরি ৫ হাজার ৭২৭ টাকা বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তৃতীয় গ্রেডে জুনিয়র অপারেটরদের মজুরি বেড়ে ১৯ হাজার ২০০ টাকা হয়েছে। চতুর্থ গ্রেডে মজুরি ৪ হাজার ৫০০ টাকা বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়েছে।
সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে ভোটাভুটিতে ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার এবং দুই শ্রমিক প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। মূল বেতন ও বাড়িভাড়ার অনুপাত নির্ধারণে বুধবার বোর্ডের আরেকটি সভা হওয়ার কথা রয়েছে।
