বাংলাদেশি পর্যটকদের জন্য শ্রীলঙ্কা ভ্রমণে সাময়িকভাবে শিথিল করা হয়েছে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) সংক্রান্ত বিধিনিষেধ। এখন থেকে আগাম ইটিএ অনুমোদন ছাড়াই দেশটির উদ্দেশে ফ্লাইটে উঠতে পারবেন বাংলাদেশিরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকাস্থ শ্রীলঙ্কান হাইকমিশন জরুরি ভ্রমণ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কারিগরি রক্ষণাবেক্ষণের কারণে ইটিএ ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে পাকিস্তান, ক্যামেরুন, নাইজেরিয়া, আইভরি কোস্ট, ঘানা, আফগানিস্তান ও সিরিয়ার নাগরিকরা এই সুবিধা পাবেন না।
যোগ্য যাত্রীরা শ্রীলঙ্কার বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর কিংবা সংশ্লিষ্ট প্রবেশপথে পৌঁছানোর পর ইটিএ অথবা ভিজিট ভিসা সংগ্রহ করতে পারবেন।
তবে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে প্রচলিত অভিবাসন ও ভিসার শর্তাবলি যথাযথভাবে পূরণ করতে হবে। প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট অভিবাসন কর্তৃপক্ষ।
হাইকমিশন জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শ্রীলঙ্কা ভ্রমণের ক্ষেত্রে এই বিশেষ ব্যবস্থা কার্যকর থাকবে।
