বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে সাগর বিক্ষুব্ধ হয়ে উঠেছে। বাংলাদেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২০ নভেম্বর) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার মধ্যরাতে চট্টগ্রাম বন্দর থেকে ৯৩০, কক্সবাজার থেকে ৮৯৫, মোংলা থেকে ৭৭০ এবং পায়রা থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড়টি শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর মেঘমালা সৃষ্টি হচ্ছে। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে সতর্ক সংকেত বহাল রয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
