ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন, ভিডিওতে দেখা গেল তিন যুবককে

গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন, ভিডিওতে দেখা গেল তিন যুবককে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ ও টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে স্থানীয়দের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে উপজেলার সিন্দুরখান শাখার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক অজিত চক্রবর্তী জানান, দুর্বৃত্তরা প্রধান ফটকের সামনের বারান্দায় গাড়ির টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা এগিয়ে এলে তারা দ্রুত পালিয়ে যায়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তিন যুবককে পেট্রোল বোমা নিক্ষেপ ও টায়ারে আগুন ধরাতে দেখা যায় বলে জানা গেছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

তবে কারা এবং কী উদ্দেশ্যে অগ্নিসংযোগ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। ব্যাংকের কার্যক্রমে কোনো প্রভাব পড়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত জানা যায়নি।