ঢাকা, বাংলাদেশ   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

পড়ালেখার বাইরেও দক্ষতা অর্জনের তাগিদ, শিক্ষার্থীদের যা বললেন প্রধানমন্ত্রী

পড়ালেখার বাইরেও দক্ষতা অর্জনের তাগিদ, শিক্ষার্থীদের যা বললেন প্রধানমন্ত্রী

পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের উপযোগী পরিবেশ এবং খেলার মাঠ তৈরিতে সরকার কাজ করছে। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে ভবিষ্যৎ কর্মক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়া যাবে। কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণেও গুরুত্ব দিচ্ছে সরকার।

দ্বাদশ শ্রেণি শেষ করার সময় শিক্ষার্থীরা যেন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতেও দক্ষ ও আত্মবিশ্বাসী হয়ে ওঠে, সরকার তা চায় বলে জানান তিনি।

এ সময় পরিবেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়ে যেখানে-সেখানে ময়লা না ফেলা, প্রাণীদের প্রতি সদয় আচরণ এবং খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।