ঢাকা, বাংলাদেশ   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

খতিবকে তওবার আহ্বান আমির হামজার, বাবুনগরীর বক্তব্য নিয়েও সমালোচনা

খতিবকে তওবার আহ্বান আমির হামজার, বাবুনগরীর বক্তব্য নিয়েও সমালোচনা

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের জামায়াতে ইসলামীকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা। বক্তব্যের জন্য খতিবকে তওবা করার আহ্বান জানানোর পাশাপাশি হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাম্প্রতিক মন্তব্যেরও সমালোচনা করেছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দক্ষিণ লক্ষণখোলা পৌরসভা ফুটবল মাঠে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে এসব কথা বলেন আমির হামজা।

বায়তুল মোকাররমের খতিব আল্লামা মুফতি আব্দুল মালেকের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, খতিব জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া ব্যক্তিদের গুমরাহ বলেছেন। এ মন্তব্যের জন্য তাঁর তওবা করা উচিত। এ সময় আমির হামজা জামায়াতের নেতাকর্মীদের আন্তরিকতা নিয়েও মন্তব্য করেন।

হেফাজত আমিরের বক্তব্যের সমালোচনা করে আমির হামজা বলেন, তাঁর মুখ থেকে নিকৃষ্ট শব্দ বের হয়। তাঁকে মাইকের সামনে না এনে বাড়িতে রেখে চিকিৎসা করানো উচিত।

দেশের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলে বাধা দেওয়ার প্রসঙ্গে আমির হামজা বলেন, যারা মাহফিলে বাধা দেন, তারা কাফের। নিজেকে বিতর্কিত বলার বিষয়ে তিনি দাবি করেন, সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ার আগে তাঁকে নিয়ে এমন সমালোচনা ছিল না।