সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচি উপলক্ষে আগামী ২১ নভেম্বর ঢাকা সেনানিবাস এলাকায় যান চলাচলে সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এদিন নির্দিষ্ট সময়ের মধ্যে সেনানিবাসের প্রধান সড়ক দিয়ে সাধারণ যানবাহন চলাচল এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ নভেম্বর শনিবার শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক যানজটমুক্ত রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ছাড়া অন্য যানবাহনকে সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকার সড়ক ব্যবহার না করার অনুরোধ করা হয়েছে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এসব আয়োজন নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে আইএসপিআর।
