যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের সম্পদের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্পদের বিষয়ে তথ্য চেয়ে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার দুদকের ব্রিফিংয়ে কমিশন সচিব মো. সাইদুর রহমান খান জানান, শেখ হাসিনা, তাঁর ছেলে জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছে দুদক।
সচিব জানান, শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ২৪টি মামলা হয়েছে। সাতটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। অনুসন্ধান ও তদন্তের অংশ হিসেবে ১ হাজার ৬২ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে।
দুদকের দাবি, প্লট গ্রহণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প, উন্নয়ন প্রকল্পে অর্থ আত্মসাৎ এবং অর্থ পাচারসহ অভিযোগ তদন্ত করা হচ্ছে। এসব অভিযোগে ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে তথ্য-প্রমাণের ভিত্তিতে কাজ করছে সংস্থাটি।
শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে গণঅভ্যুত্থানের পর অনুসন্ধান শুরু করে দুদক।
