ব্যবসায়িক সেবা অনলাইনে নেওয়া, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা কমানো এবং তৈরি পোশাকের বাইরে রপ্তানি বাড়াতে বিশ্বব্যাংকের নীতিগত ও কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার সচিবালয়ে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ অনুরোধ জানান।
মন্ত্রী বলেন, এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতিতে কর্মপরিকল্পনা করা হচ্ছে। ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদ দেওয়ার প্রক্রিয়া ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে এসব সেবা পেতে ৫০ থেকে ৫৫ দিন লাগলেও ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে ১৪ দিনে দেওয়ার লক্ষ্য রয়েছে।
তৈরি পোশাকের পাশাপাশি চামড়া, জুতা, জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণ এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতের বিকাশে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। সাভারে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার স্থাপন এবং স্বর্ণালঙ্কার রপ্তানি শিল্প গড়ার পরিকল্পনাও তুলে ধরেন।
জাঁ পেসমে বাণিজ্য সহজীকরণ, দক্ষতা উন্নয়ন ও মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে গবেষণায় সহায়তার আশ্বাস দেন। কর্মকর্তারা শুল্ক সংস্কার, লজিস্টিক উন্নয়ন এবং সরবরাহ শৃঙ্খলে যুক্ত হওয়ার ওপর গুরুত্ব দেন।
