গুগল ম্যাপসের তথ্য হালনাগাদে কাজ করা স্বেচ্ছাসেবী কমিউনিটি বাংলাদেশ লোকাল গাইডস ১২ বছর পূর্তি ও ৩০০তম মিটআপ উদযাপন করেছে। এ উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) ঢাকার অদূরে কেরানীগঞ্জের আটি এলাকার গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১৫৪ জন স্বেচ্ছাসেবক অংশ নেন।
অংশগ্রহণকারীদের মধ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, তথ্যপ্রযুক্তিবিদ, প্রকৌশলী, উদ্যোক্তা, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও চিকিৎসকেরা ছিলেন।
অনুষ্ঠানে গুগলের আন্তর্জাতিক সম্মেলন ‘কানেক্ট লাইভ ২০২৬’-এ অংশ নেওয়া বাংলাদেশি স্বেচ্ছাসেবকেরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। গত ৩০ ও ৩১ জুলাই সিঙ্গাপুরে গুগলের এশিয়া-প্যাসিফিক সদর দপ্তরে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ থেকে ছয়জন এবং মালয়েশিয়া ও জাপানপ্রবাসী তিনজন বাংলাদেশি অংশ নেন। সম্মেলনে গুগল ম্যাপসের ভবিষ্যৎ উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ব্যবহারকারীর অভিজ্ঞতা ও মানচিত্রের তথ্যের নির্ভুলতা নিয়ে আলোচনা হয়। আন্তর্জাতিক স্ক্যাভেঞ্জার হান্ট প্রতিযোগিতায় মোহাম্মদ পলাশের নেতৃত্বাধীন একটি দল তৃতীয় স্থান অর্জন করে।
অনুষ্ঠানে বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের আন্তর্জাতিক অর্জনও তুলে ধরা হয়। মাহাবুব হাসান, গাজী সালাউদ্দিন, মাহবুব ইসলাম ও সোনিয়া খোরশেদসহ কমিউনিটির কয়েকজন সদস্য বিভিন্ন সময়ে গুগলের আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন।
দিনব্যাপী আয়োজনে গুগল ম্যাপসের ব্যবহার ও তথ্য হালনাগাদ নিয়ে ছয়টি প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়। এতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অনুসন্ধান, মানসম্মত পর্যালোচনা ও ছবি প্রকাশ, নতুন সড়ক যুক্ত করা, স্ট্রিট ভিউ, আন্তর্জাতিক কমিউনিটির সঙ্গে যোগাযোগ এবং প্রতিবন্ধীবান্ধব স্থান ও ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য যুক্ত করার বিষয়গুলো তুলে ধরা হয়। কমিউনিটির কার্যক্রমে অবদানের স্বীকৃতি হিসেবে স্বেচ্ছাসেবকদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন কমিউনিটির প্রতিষ্ঠাতা মাহাবুব হাসান। কানেক্ট লাইভ অভিজ্ঞতা বিনিময় পর্ব পরিচালনা করেন সৈয়দ নাঈম রোমান ও সজল কুমার দাস।
মাহাবুব হাসান বলেন, ২০১৪ সালে ছোট পরিসরে শুরু হওয়া উদ্যোগটি এখন প্রায় ১৪ হাজার সদস্যের কমিউনিটিতে পরিণত হয়েছে। ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চলে দক্ষ স্বেচ্ছাসেবক তৈরি, গুগল ম্যাপসের তথ্যের মানোন্নয়ন, স্থানীয় পর্যটনকেন্দ্র ও ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য যুক্ত করা এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করবে কমিউনিটি।
২০১৪ সালের ৭ মার্চ ‘বাংলাদেশ ইনসাইডার’ নামে কমিউনিটির যাত্রা শুরু হয়। ২০১৫ সালে নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ লোকাল গাইডস। সদস্যরা গুগল ম্যাপে নতুন স্থান যুক্ত করা, ভুল তথ্য সংশোধন, সড়কের তথ্য হালনাগাদ, ছবি ও ভিডিও প্রকাশ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ঠিকানা, যোগাযোগের তথ্য ও সময়সূচি যুক্ত করার কাজ করেন। পাশাপাশি প্রতিবন্ধীবান্ধব প্রবেশব্যবস্থার তথ্যও মানচিত্রে সংযোজন করেন তাঁরা।
২০১৬ সালে ৫০তম মিটআপ উদযাপনের মধ্য দিয়ে বিশেষ মিটআপ আয়োজনের ধারা শুরু হয়। এরপর ১০০তম, ১৫০তম, ২০০তম ও ২৫০তম মিটআপ পেরিয়ে এবার ৩০০তম মিটআপ উদযাপন করল কমিউনিটি।
