ঢাকা, বাংলাদেশ   রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী

আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী

আগামী ফেব্রুয়ারির মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন কর্মসূচিতে যুক্ত হওয়ার বিষয়ে আলোচনা শেষ হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আয়োজনে আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আইএমএফের কর্মসূচি নিয়ে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আশা করা হচ্ছে, আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে তাদের কাজ শেষ হবে।

আইএমএফের শর্তের কারণে সরকার নতুন কর্মসূচি থেকে পিছিয়ে যায়নি উল্লেখ করে তিনি বলেন, আগের কর্মসূচিটি বিগত সরকারের সময়ে নেওয়া হয়েছিল। সেখানে এমন কিছু বিষয় রয়েছে, যা নির্বাচিত সরকারের পক্ষে বাস্তবায়ন করা কঠিন।

আমীর খসরু বলেন, এসব বিষয়ে সময় প্রয়োজন। দ্রুত সিদ্ধান্ত নিতে গেলে এমন কিছু পদক্ষেপ নিতে হতে পারে, যার ফলে জনগণ, অর্থনীতি ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন।

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, সেই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের অর্থনৈতিক কাঠামো সাজাতে হবে। পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে বিশ্বব্যাংক, এডিবি ও জাইকার মতো উন্নয়ন সহযোগীরা নিজেদের কার্যক্রম সমন্বয় করছে। সব অংশীদারের কর্মসূচি সরকারের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে কাজ বাস্তবায়ন সহজ হবে। আইএমএফও এ প্রক্রিয়ার সঙ্গে সমন্বয় করছে বলে জানান তিনি।