ঢাকা, বাংলাদেশ   রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

মিসিসিপিতে পণ্যবাহী জাহাজের ধাক্কায় কাত প্রমোদতরি, প্রাণে বাঁচলেন ১২৯ আরোহী

মিসিসিপিতে পণ্যবাহী জাহাজের ধাক্কায় কাত প্রমোদতরি, প্রাণে বাঁচলেন ১২৯ আরোহী

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে মিসিসিপি নদীতে পণ্যবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যাত্রীবাহী প্রমোদতরি ‘আমেরিকান হেরিটেজ’। এ ঘটনায় জাহাজটির ১২৯ জন যাত্রী ও ক্রু প্রাণে বেঁচে গেছেন। আহত হয়েছেন ৩২ জন। অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি এড়ানোয় ঘটনাটিকে ‘মিরাকল অব মিসিসিপি’ বলে অভিহিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মিসিসিপি নদীতে নোঙর করা অবস্থায় থাকা ‘আমেরিকান হেরিটেজ’কে পাশ দিয়ে যাওয়ার সময় ‘আটলান্টিক অ্যাসফাল্ট’ নামের একটি পণ্যবাহী জাহাজ ধাক্কা দেয়।

সংঘর্ষে প্রমোদতরিটি একদিকে কাত হয়ে পড়ে এবং প্রায় উল্টে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে তাঁদের কারও অবস্থা গুরুতর নয় বলে জানানো হয়েছিল। তবে শনিবার পর্যন্ত নয়জন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরেনো জানান, দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন। যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে পুলিশ, টাগবোট চালক ও অন্যান্য উদ্ধারকারী দল কাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাময়িকভাবে মিসিসিপি নদীতে নৌযান চলাচল বন্ধ রাখা হয়।

বন্দর কর্তৃপক্ষের প্রধান মেলানি মন্টরোল জানান, প্রমোদতরিতে পানি ঢুকতে শুরু করলে দ্রুত যাত্রীদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। মার্কিন কোস্টগার্ডের ক্যাপ্টেন মেলানি বার্নহামের প্রাথমিক ধারণা, পণ্যবাহী জাহাজটির নিয়ন্ত্রণব্যবস্থায় ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

দুর্ঘটনায় প্রমোদতরির ক্যাপ্টেনও আহত হন। মেয়র জানান, সব যাত্রী ও ক্রু নিরাপদে আছেন কি না, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি নিজের চিকিৎসা নিতে রাজি হননি।

এক যাত্রী জো ন্যাব জানান, সংঘর্ষের পর জাহাজটি দ্রুত কাত হয়ে যায়। তিনি পানিতে পড়ে যান এবং উদ্ধারের আগে প্রায় ২০ মিনিট ভেসে ছিলেন। প্রত্যক্ষদর্শী জেমি হলফোর্ড বলেন, সংঘর্ষের পর প্রমোদতরিটি ডকের সঙ্গে ধাক্কা খায়। বিকট শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদ্ধারকর্মীদের প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় তিনি উদ্ধার অভিযানকে অসাধারণ বলে উল্লেখ করেন। লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রিও বিপুলসংখ্যক মানুষকে নিরাপদে উদ্ধারের ঘটনাকে ‘মিরাকল অব মিসিসিপি’ বলেন।

আট দিনের ভ্রমণ শেষে নিউ অরলিন্সে এসে নোঙর করেছিল ‘আমেরিকান হেরিটেজ’। ২০১৫ সালে নির্মিত চার ডেকের এ জাহাজে ১৫০ জনের বেশি যাত্রী ধারণক্ষমতা রয়েছে। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত অব্যাহত রয়েছে।