আফগানিস্তানে তালেবান সরকারের বিভিন্ন বিধিনিষেধের কারণে নারীদের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ সংকুচিত হচ্ছে। দেশটির বিভিন্ন অঞ্চলে পুরুষ চিকিৎসক ও দন্তচিকিৎসকদের নারী রোগীদের পরীক্ষা ও চিকিৎসা দিতে বাধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও আফগান সংবাদমাধ্যম জান টাইমস।
প্রতিবেদন অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে দেশজুড়ে এ ধরনের নিষেধাজ্ঞা ঘোষণা করা না হলেও তালেবান নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ব্যক্তিগত চেম্বারে গিয়ে পুরুষ চিকিৎসকদের সতর্ক করছেন। নারী রোগী পাওয়া গেলে কারাবন্দি করার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
চিকিৎসা অসমাপ্ত রেখে ফিরতে হচ্ছে রোগীদের
প্রতিবেদনে ফারিদা (৩৭) নামের এক নারীর দুর্ভোগ তুলে ধরা হয়েছে। দাঁতের সমস্যায় ভুগতে থাকা ফারিদা চলতি বছরের জুলাইয়ের শুরুতে পশ্চিম আফগানিস্তানের হেরাত শহরের একটি ডেন্টাল ক্লিনিকে যান। চিকিৎসক তাকে কয়েকটি দাঁত তুলে ইমপ্লান্ট বসানোর পরামর্শ দেন। কয়েক দফা চিকিৎসা নেওয়ার পর তৃতীয়বার ক্লিনিকে গেলে তাকে জানানো হয়, আপাতত চিকিৎসা দেওয়া সম্ভব নয়।
দুই দিন পর ফোন করলে ফারিদাকে বলা হয়, ধর্মীয় অনুশাসন বাস্তবায়নবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে পুরুষ দন্তচিকিৎসকদের নারী রোগীদের চিকিৎসা নিষিদ্ধ করা হয়েছে। তিন মাস পেরিয়ে গেলেও তার চিকিৎসা শেষ হয়নি।
জরুরি চিকিৎসাতেও বাধা
প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের অধিকাংশ প্রদেশে পুরুষ চিকিৎসকদের নারী রোগীদের সরাসরি পরীক্ষা ও চিকিৎসা না করার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি অবস্থাতেও রোগীর সঙ্গে পরিবারের কোনো পুরুষ অভিভাবক বা মাহরাম থাকার শর্ত আরোপ করা হচ্ছে। কিছু ক্ষেত্রে নারী নার্সের মাধ্যমে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
উত্তর আফগানিস্তানের একটি সরকারি হাসপাতালে ১৫ বছর ধরে কর্মরত এক সার্জন বলেন, নারী রোগীদের সরাসরি পরীক্ষা করতে পারছেন না তারা। রোগীর অবস্থা সংকটাপন্ন হলেও এ নিয়মের ব্যতিক্রম হচ্ছে না।
নারীদের নাম ব্যবহারেও বিধিনিষেধ
নারীদের ওপর বিধিনিষেধ চিকিৎসাসেবার বাইরেও বিস্তৃত হয়েছে। উত্তর আফগানিস্তানের বলখ প্রদেশে নারী রোগীদের প্রকৃত নামের পরিবর্তে ‘বিবি’ বলে সম্বোধনের নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত মে মাসে হাসপাতাল, বেসরকারি চিকিৎসাকেন্দ্র ও ক্লিনিকগুলোকে এ নির্দেশ দেওয়া হয়। চিকিৎসকের ব্যবস্থাপত্রেও নারীদের প্রকৃত নাম ব্যবহার না করার নির্দেশনার অভিযোগ রয়েছে।
পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশের এক নারী জানান, পরিবারের এক বয়স্ক সদস্যকে দাঁতের চিকিৎসার জন্য কয়েক শ মাইল দূরের কান্দাহার শহরে যেতে হয়েছে। সেখানে তার ছেলে একটি ডেন্টাল ক্লিনিক পরিচালনা করেন। স্থানীয় চিকিৎসকদের কাছে গেলে সামাজিকভাবে অসম্মানিত হওয়ার আশঙ্কা ছিল বলে ওই নারীর স্বামী মনে করতেন।
চিকিৎসক হওয়ার পথও সংকুচিত
নারীদের চিকিৎসা পাওয়ার সুযোগ কমার পাশাপাশি চিকিৎসক হওয়ার পথও সংকুচিত হচ্ছে। ২০২৪ সালের ডিসেম্বর থেকে আফগান নারীদের চিকিৎসাবিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নারী স্বাস্থ্যকর্মী নিয়োগের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে।
এখনো কর্মরত নারী চিকিৎসকদেরও মাহরাম সঙ্গে রাখার শর্ত মানতে হচ্ছে। ফলে নারী চিকিৎসকের সংখ্যা কমে যাওয়ায় রোগীদের চিকিৎসাসংকট আরও বাড়ছে।
এক নারী রোগী জানান, বাবাকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পরও তাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। ওই চিকিৎসক জানান, আরেকজন নারী রোগী ও তার মাহরাম না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ, কোনো সমস্যা হলে ওই নারী রোগী তাকে সহায়তা করতে পারবেন।
তালেবানের বক্তব্যের সঙ্গে বাস্তবতার অমিল
চলতি বছরের ফেব্রুয়ারিতে তালেবান সরকারের যোগাযোগমন্ত্রী হামদুল্লাহ নোমানি বলেছিলেন, নারী রোগীদের চিকিৎসার সময় পুরুষ চিকিৎসকদের মাহরাম হিসেবে বিবেচনা করা হবে। তবে চিকিৎসক ও রোগীদের বক্তব্য অনুযায়ী, বাস্তবে বিভিন্ন এলাকায় পুরুষ চিকিৎসকেরা নারী রোগীদের চিকিৎসা দিতে বাধার মুখে পড়ছেন।
পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরের একটি ডেন্টাল ক্লিনিকের সহকারী নারগিস (ছদ্মনাম) জানান, নারী রোগীকে চিকিৎসা দেওয়ার সময় কোনো কোনো চিকিৎসক ক্লিনিকের বাইরে লোক রাখেন, যাতে তালেবান কর্মকর্তারা এলে আগেই সতর্ক হওয়া যায়।
বর্তমান পরিস্থিতিতে আফগান নারীদের ঝুঁকি নিয়ে পুরুষ চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেওয়া, অদক্ষ নারী স্বাস্থ্যকর্মীর ওপর নির্ভর করা কিংবা অসুস্থতা নিয়েই দিন কাটানোর মতো কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে।
দ্য গার্ডিয়ান ও জান টাইমসের যৌথ অনুসন্ধানে বলা হয়েছে, তালেবান সরকারের বিভিন্ন বিধিনিষেধ আফগান নারীদের স্বাস্থ্যসেবা পাওয়ার মৌলিক অধিকারকে বাধাগ্রস্ত করছে। নারী চিকিৎসকের সংকটের পাশাপাশি পুরুষ চিকিৎসকদের ওপর বিধিনিষেধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
