ঢাকা, বাংলাদেশ   রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব জাহাঙ্গীর ভাইকে দিন, ভালো নিয়ন্ত্রণ করতে পারবেন: আসিফ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব জাহাঙ্গীর ভাইকে দিন, ভালো নিয়ন্ত্রণ করতে পারবেন: আসিফ

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেছেন, তিনি পরিস্থিতি ‘শতগুণ ভালো’ নিয়ন্ত্রণ করতে পারবেন।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আমাকে না দিলেন। তাহলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইকে দিন। শতগুণ ভালো নিয়ন্ত্রণ করতে পারবেন, অপারেশন ডেভিল হান্টের কথা মনে আছে?’

এর আগে আরেকটি পোস্টে তিনি দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন।

এদিকে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের জমায়েত ও মিছিল ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির খবর পাওয়া গেছে। বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যান, বাস ও ট্রাকে করে নেতাকর্মীরা জেলা শহরে প্রবেশ করেন। একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিলকারীরা শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করে আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন।

আসিফ মাহমুদের আগের পোস্টের পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনও সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা মন্তব্য করেন।