‘ফিলিস্তিনের জন্য ন্যায়বিচার’ শীর্ষক একটি ইউরোপীয় নাগরিক উদ্যোগে ১১ লাখ ১৭ হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। এসব স্বাক্ষরসহ একটি আবেদন ইউরোপীয় কমিশনে জমা দেওয়া হয়েছে। এতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরাইলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতা চুক্তি সম্পূর্ণ স্থগিত করার দাবি জানানো হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সেদা ও সিমা বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের সংবাদমাধ্যম পার্সটুডে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আবেদনটি পর্যালোচনার জন্য প্রয়োজনীয় সংখ্যক স্বাক্ষর সংগ্রহ হয়েছে বলে নিশ্চিত করেছে ইউরোপীয় কমিশন। আগামী ছয় মাসের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক জবাব দিতে হবে কমিশনকে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে কমিশনের কর্মকর্তারা নাগরিক উদ্যোগটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। এরপর এ বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টে একটি উন্মুক্ত শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
