গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজ।
রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এ ছাড়া গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদার।
এদিন গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলে তাঁদের অনেকের হাতে লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ দেশি অস্ত্র দেখা যায়। কারও কারও মাথায় হেলমেটও ছিল। তাঁরা বিভিন্ন স্লোগান দেন।
এ পরিস্থিতির মধ্যেই গোপালগঞ্জের প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে পরিবর্তন আনল সরকার।
