আসন্ন ডিসেম্বর মাসকে কেন্দ্র করে দেশে বড় ধরনের কোনো শঙ্কা নেই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এবং মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইন্তেখাব চৌধুরী বলেন, ডিসেম্বর ঘিরে এখন পর্যন্ত বড় ধরনের কোনো শঙ্কা দেখছেন না তাঁরা। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে কাজ চলছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট এড়িয়ে ঢাকায় কীভাবে ককটেল আসছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরো ঢাকা শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা সম্ভব নয়। শহরটি অনেক বড় হলেও এসআরবি, বাংলাদেশ পুলিশসহ অন্যান্য বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।
মোটরসাইকেল ব্যবহার করে ককটেল বিস্ফোরণের ঘটনা এবং এসব মোটরসাইকেলের নম্বর প্লেট শনাক্তের বিষয়ে জানতে চাইলে এসআরবি মুখপাত্র বলেন, সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নাশকতায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
তিনি আরও বলেন, নাশকতা প্রতিরোধে চেকপোস্টগুলোতে মোটরসাইকেল আরোহীদের পাশাপাশি তাঁদের সঙ্গে থাকা ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র তল্লাশিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
