গোপালগঞ্জ জেলা শহরে রোববার (১৫ নভেম্বর) দিনভর মিছিল ও বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় লগি-বৈঠা, রামদা ও চায়নিজ কুড়ালসহ দেশি অস্ত্র নিয়ে মিছিল করতে দেখা যায় তাঁদের। মিছিল চলাকালে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। পাশাপাশি জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। সকাল থেকেই সদর ও আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যান, বাস ও ট্রাকে করে শত শত নেতাকর্মী শহরে আসেন। শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হওয়ার পর দুপুর ১২টার দিকে তাঁরা লগি-বৈঠা নিয়ে মিছিল বের করেন।
মিছিলটি লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা ঘুরে বিভিন্ন সড়কে যায়। একপর্যায়ে মিছিলকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে শহরের সড়কে প্রবেশ করেন এবং আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন। মিছিলে উল্লেখযোগ্যসংখ্যক নারী কর্মীও ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ সময় গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে আগের নাম ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নাম পরিবর্তন করে ‘জয় বাংলা চত্বর’ নামফলক পুনঃস্থাপন করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. সামিউল হকের নেতৃত্বে এবং মিয়া ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে পৃথক মিছিল বের হয়। পরে মিছিলগুলো পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে মিলিত হয়ে ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যায়। দীর্ঘদিন বন্ধ থাকা কার্যালয়টি খুলে সেখানে উল্লাস করেন নেতাকর্মীরা।
কর্মসূচির কারণে সকাল ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ-পাটগাতী সড়কে যান চলাচল বন্ধ ছিল। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের উপস্থিতি থাকলেও তাঁদের তেমন তৎপরতা দেখা যায়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। জেলা পুলিশের তিন কর্মকর্তাও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা-আগুন
শনিবার রাত ৮টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, রাতে লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করে একদল ব্যক্তি। পরে তাঁরা নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। একই রাতে বর্ণি বাজারে যুবদলের কার্যালয়েও ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এসব ঘটনার পর কুশলী ইউনিয়নের খালেক বাজার থেকে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত পাটগাতী-গোপালগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। এতে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গোপালগঞ্জের পুলিশ সুপার বদলি
দিনভর এসব ঘটনার মধ্যে রোববার গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলির তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
