পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া এবং অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগে ছয়জনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)। পরে ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন। অন্য একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে এনএসআইয়ের দেওয়া তথ্য ও তত্ত্বাবধানে পুলিশ প্রশাসনের সহযোগিতায় হাসপাতালে এ অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন পাবনা সদর উপজেলার হেমায়েতপুর বুদের হাট এলাকার হাবিল মণ্ডল (৬৫), কিসমতপ্রতাপপুর এলাকার বিপুল (৪২) ও সুজন আলী (৪২), হেমায়েতপুর এলাকার জুয়েল হোসেন (৩২) এবং একই এলাকার ওয়ারেস (৪০)। অপর আটক ব্যক্তি হেমায়েতপুর এলাকার হাফিজুর রহমান মাহফুজ (৪০)। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা করা হয়েছে।
এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এ বি এম লুৎফুল কবির জানান, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া এবং তাদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগে ছয়জনকে আটক করা হয়।
পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম পাঁচজনকে ১৫ দিন করে কারাদণ্ড দেন। অন্য একজনের বিরুদ্ধে পাবনা সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
