ঢাকা, বাংলাদেশ   রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

পায়ুপথে চারটি স্বর্ণসদৃশ ডিম, অন্তর্বাসে পেস্ট: বিমানবন্দরে আটক যাত্রী

পায়ুপথে চারটি স্বর্ণসদৃশ ডিম, অন্তর্বাসে পেস্ট: বিমানবন্দরে আটক যাত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পায়ুপথে চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু এবং অন্তর্বাসে স্বর্ণসদৃশ পেস্ট লুকিয়ে আনার অভিযোগে দুবাইফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার করা এসব বস্তুর মোট ওজন প্রায় এক কেজি। এর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা বলে জানানো হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪২ ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় আসেন হাসান মিয়া। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা তার ওপর নজরদারি করেন। পরে এক্স-রে পরীক্ষায় তার পায়ুপথে স্বর্ণসদৃশ বস্তু থাকার বিষয়টি শনাক্ত হয়। এরপর সেখান থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়।

এ ছাড়া তার পরিহিত অন্তর্বাসের কাপড়ে প্রায় ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা বস্তুগুলোর ওজন প্রায় এক কেজি।

তবে এসব বস্তুতে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা কত, তা পরিশোধন ও পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এ ঘটনার সঙ্গে একটি সংঘবদ্ধ আন্তদেশীয় চোরাচালান চক্র জড়িত থাকতে পারে। চক্রটি শনাক্ত এবং এর নেপথ্যে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে অধিদপ্তর।

প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তা নেওয়া হতে পারে।