জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সাবেক যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ফোনে হুমকি ও গালাগালির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর দাবি, বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয় দিয়ে সবুজ খান নামের এক ব্যক্তি তাঁকে ফোন করে হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন সামান্তা শারমিন।
পোস্টে তিনি লেখেন, বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয় দিয়ে সবুজ খান নামের এক ব্যক্তি দুপুর ১২টা ২৭ মিনিটে তাঁকে ফোন করে কিছুদিনের মধ্যে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি দেন। তবে ওই ব্যক্তি ছাত্রলীগে তাঁর পদ কী, তা জানাতে রাজি হননি। পোস্টে সামান্তা লেখেন, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না।’
ঘটনার বিষয়ে গণমাধ্যমকে সামান্তা শারমিন বলেন, প্রথমে হোয়াটসঅ্যাপে কল এলে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়। তখন শুধু বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয় শুনতে পান। পরে ওই ব্যক্তি আবার ফোন করে নিজের নাম সবুজ খান বলে পরিচয় দেন এবং তাঁকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি দেন। এরপর তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।
সামান্তার ভাষ্য, তিনি ওই ব্যক্তির কাছে ছাত্রলীগে তাঁর পদ, বরগুনায় অবস্থান এবং রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে জানতে চেয়েছিলেন। তবে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে একপর্যায়ে ওই ব্যক্তি ফোন কেটে দেন।
এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে সামান্তা বলেন, রোববারই থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করবেন।
সামান্তা শারমিন ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গঠিত জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র ছিলেন। পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠিত হলে তিনি দলটির জ্যেষ্ঠ আহ্বায়কের দায়িত্ব পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী সর্বশেষ দলটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত ৫ নভেম্বর তিনি এনসিপি থেকে পদত্যাগ করেন।
এদিকে সাম্প্রতিক সময়ে এনসিপির আরও কয়েকজন নেত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগের ঘটনা সামনে এসেছে। গত শুক্রবার জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী মাহমুদা আলম মিতু হত্যার হুমকি পাওয়ার কথা জানান। এর আগের দিন বৃহস্পতিবার এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নুসরাত তাবাসসুম ঘটনাটিকে নাশকতা বলে অভিহিত করেছেন।
