ঢাকা, বাংলাদেশ   রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ অধিবেশনে পোশাকশিল্প, দ্রব্যমূল্য ও ভূমিসেবা নিয়ে আলোচনার সূচি

সংসদ অধিবেশনে পোশাকশিল্প, দ্রব্যমূল্য ও ভূমিসেবা নিয়ে আলোচনার সূচি

সাপ্তাহিক ছুটির পর আজ রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে আবারও বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। গত ১০ নভেম্বর শুরু হওয়া এ অধিবেশন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। বৈঠকে সভাপতিত্ব করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।

আজকের অধিবেশনে পোশাকশিল্পের উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারের অনিয়ম ও ভূমিসেবা সহজীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে।

সংসদ সচিবালয়ের প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তিনটি নোটিশ অন্তর্ভুক্ত রয়েছে।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী ২০২০ সাল থেকে বন্ধ থাকা কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত এক বছর মেয়াদি মেডিক্যাল টেকনোলজি টেকনিশিয়ান কোর্সের ৫৩৪টি প্রতিষ্ঠান পুনরায় চালুর বিষয়ে আলোচনা চেয়েছেন।

মহিলা আসন-৪০-এর সংসদ সদস্য নাজমা আক্তার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বাজারের অনিয়ম নিয়ে আলোচনার নোটিশ দিয়েছেন। অন্যদিকে, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমাদ হানজালা শিবচরের মানুষের ভোগান্তি কমানো, ভূমিসেবা সহজ করা এবং নামজারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

কার্যপ্রণালি বিধির ২১১(১) অনুযায়ী ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’ নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে মন্তব্য উত্থাপনের বিষয়টিও কার্যসূচিতে রয়েছে। এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ১৭ ধারা অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন এবং গত ৬ মার্চ ২০২৬ তারিখে স্বাক্ষরিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারি চুক্তিসংক্রান্ত দলিল সংসদে উপস্থাপনের কথা রয়েছে।

কার্যপ্রণালি বিধির ১৪৭ অনুযায়ী পোশাকশিল্পের ভবিষ্যৎ, শ্রমিকদের অধিকার ও কর্মপরিবেশ, উৎপাদন ও রপ্তানি সক্ষমতা এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পরের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় ঐকমত্য গড়ে তোলার বিষয়ে একটি সাধারণ প্রস্তাবও উত্থাপনের জন্য রাখা হয়েছে।