মাদারীপুরের শিবচরে দুই বছর বয়সী নাতিকে ট্রাক্টরের ধাক্কা থেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন শাহজাহান খন্দকার (৬০) নামে এক ব্যক্তি। শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পাঁচ্চর বাজারের স্বর্ণপট্টিগামী পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান খন্দকার পাঁচ্চর ইউনিয়নের ছোট বাহাদুরপুর গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দুই বছর বয়সী নাতিকে নিয়ে পাঁচ্চর বাজারে কেনাকাটা করতে যান শাহজাহান। বাড়ি ফেরার পথে তাদের দিকে দ্রুতগতিতে ছুটে আসে একটি ট্রাক্টর। এ সময় নাতিকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে দ্রুত সরিয়ে দেন তিনি। তবে নিজে ট্রাক্টরের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর ট্রাক্টরটি পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জামিল খান বলেন, শাহজাহান খন্দকারকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
দুর্ঘটনায় শিশুটির মাথা ও পিঠের কিছু অংশ ছিলে গেলেও বড় ধরনের কোনো আঘাত লাগেনি বলে জানা গেছে। নাতিকে বাঁচাতে গিয়ে দাদার এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের বাড়িতে গিয়ে ঘটনার বিস্তারিত জানার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
