ঢাকা, বাংলাদেশ   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু

নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু

কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে কমিটি ঘটনাস্থল পরিদর্শনের মধ্য দিয়ে তদন্তের প্রথম দিনের কার্যক্রম শুরু করে।

সকাল সাড়ে ১০টার দিকে তদন্ত কমিটির সদস্যরা দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ওই বাড়িতে যান। কমিটির প্রধান কুষ্টিয়া জেলা স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর মোহাম্মদ আশরাফুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।

শুক্রবার সকালে কমিটির সদস্যরা পুড়ে যাওয়া বাড়িটি ঘুরে দেখেন। এ সময় বাড়ির বাসিন্দা শাহ আলম ও নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের কাছ থেকে ঘটনার সময়ের বিভিন্ন তথ্য জানতে চান।

তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আগুনের সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়া হবে।

গত বুধবার গভীর রাতে দৌলতপুরের বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেন তিনি। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা পর্যায়ের কয়েকজন নেতার নাম উল্লেখ করা হয়েছে।